
দেশচিন্তা ডেস্ক: দেশীয় সাংস্কৃতিক সংসদ চট্টগ্রাম মহানগর জোন-০৪-এর শিল্পী সমাবেশ ২৩ মে (শনিবার), বাদে আসর, জামালখানস্থ দৈনিক কর্ণফুলী’র হলরুমে অনুষ্ঠিত হয়।
জোন-০৪-এর সেক্রেটারি মুহাম্মদ ইমরান সোহেলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ আসাদুল্লাহ আদিল। বিশেষ অতিথি ছিলেন নাট্যজন ও জোন পরিচালক মুহাম্মদ এনামুল হক।
অর্থ সম্পাদক জাসেদুল আলম প্রিন্সের সঞ্চালনায় আরও উপস্থিত ছিলেন এস এম কামরুল ইসলাম, টিম সদস্য আব্দুল্লাহ ইকবাল, কেরাত বিভাগের সভাপতি হাফেজ মিজানুর রহমান, হেলাল উদ্দিন প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ আসাদুল্লাহ আদিল বলেন, “ইসলাম ও ঈমানকে পূর্ণাঙ্গভাবে ধারণ করার জন্য কুরআন-হাদীস ও সাহিত্য অধ্যয়নের পাশাপাশি সুস্থধারার সংস্কৃতি চর্চাও অপরিহার্য।”
তিনি আরও বলেন, “বর্তমানে সংস্কৃতির নামে দেশে অপসংস্কৃতির সয়লাব চলছে। এর বিরুদ্ধে আমাদের সাংস্কৃতিক আন্দোলনকে আরও বেগবান করতে হবে।”
বিশেষ অতিথির বক্তব্যে মুহাম্মদ এনামুল হক বলেন, “সংস্কৃতি একটি আন্দোলনের চালিকাশক্তি। যে কোনো আন্দোলনের সফলতা অনেকাংশে নির্ভর করে তার সাংস্কৃতিক তৎপরতার ওপর। তাই সাংস্কৃতিক আন্দোলনকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে।”
তিনি আরও বলেন, “প্রতিভা বিকাশের পাশাপাশি ব্যক্তিগত মানোন্নয়নও অত্যন্ত গুরুত্বপূর্ণ। তাই প্রতিটি শিল্পীর চারিত্রিক উৎকর্ষ সাধনের প্রতিও মনোযোগী হতে হবে।”










