
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ কন্ট্যাক্ট সেন্টার অ্যান্ড আউটসোর্সিং (বাক্কো)-এর কার্যনির্বাহী কমিটির একটি প্রতিনিধি দল বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উচ্চ পর্যায়ের কর্মকর্তাবৃন্দের সাথে সাক্ষাৎ করে। এ সময় দেশের বিপিও ও আইটিইএস খাতের বর্তমান অগ্রগতি, বিদ্যমান চ্যালেঞ্জ এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত ও ফলপ্রসূ আলোচনা হয়।
বৈঠকের শুরুতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের নবনিযুক্ত সচিব জনাব কাজী আনোয়ার হোসেন কে বাক্কোর পক্ষ থেকে শুভেচ্ছা জানানো হয়। আলোচনা পর্বে দেশের বিপিও শিল্পকে আরও গতিশীল ও বৈশ্বিকভাবে প্রতিযোগিতামূলক করে তুলতে প্রয়োজনীয় নীতিগত সহায়তা জোরদার, প্রণোদনা কাঠামোর উন্নয়ন এবং আন্তর্জাতিক বাজারে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করার বিষয়গুলো গুরুত্বের সাথে উপস্থাপন করা হয়। পাশাপাশি, আসন্ন বিপিও সামিট ২০২৬ কে কেন্দ্র করে শিল্পের আন্তর্জাতিক প্রচার বৃদ্ধি, বিদেশি বিনিয়োগ আকর্ষণ এবং বৈশ্বিক অংশীদারিত্ব সম্প্রসারণের কৌশল নিয়েও আলোচনা করা হয়।
এছাড়াও দেশের ফ্রিল্যান্সার কমিউনিটির দক্ষতা বৃদ্ধিতে বাজারভিত্তিক প্রশিক্ষণ সম্প্রসারণ এবং প্রযুক্তিনির্ভর টেকসই কর্মসংস্থান সৃষ্টির উদ্যোগগুলোকে বিশেষ গুরুত্ব দেওয়া হয়। আলোচনায় উঠে আসে যে, দক্ষ মানবসম্পদ গড়ে তোলা এবং সময়োপযোগী প্রশিক্ষণ নিশ্চিত করা গেলে দেশের আউটসোর্সিং শিল্প বৈশ্বিক বাজারে আরও দৃঢ় ও প্রতিযোগিতামূলক অবস্থান অর্জন করতে সক্ষম হবে।
উক্ত বৈঠকে সরকারের পক্ষ থেকে উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের সচিব
কাজী আনোয়ার হোসেন, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের মহাপরিচালক মোঃ আবু সাঈদ (অতিরিক্ত সচিব), এবং পরিচালক (অর্থ ও প্রশাসন) মো. মাহ্বুব আলম (উপসচিব)।
বাক্কো কার্যনির্বাহী কমিটির পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি তানভীর ইব্রাহীম, সাধারণ সম্পাদক ফয়সল আলিম, অর্থ সম্পাদক মোঃ আমিনুল হক, এবং যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ মুসনাদ-ই-আহমদ।
বাক্কো মনে করে, এই ধরনের গঠনমূলক আলোচনা ও সমন্বিত উদ্যোগ দেশের বিপিও ও আউটসোর্সিং শিল্পকে আরও উচ্চতায় নিয়ে যাবে এবং যুবসমাজের জন্য প্রযুক্তিনির্ভর, টেকসই ও সম্ভাবনাময় কর্মসংস্থানের সুযোগ আরও বৃদ্ধি করবে।












