আজ : শনিবার ║ ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শনিবার ║ ২৮শে মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ║১৪ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ৯ই শাওয়াল, ১৪৪৭ হিজরি

সাতকানিয়ায় নিখোঁজের চারদিন পর যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার

সাতকানিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় নিখোঁজের চার দিন পর শাহাল শীল (৩৫) নামে এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহত শাহাল শীল পুরানগড় ইউনিয়নের বড়ুয়া পাড়া, শীলঘাটা এলাকার বাসিন্দা। তিনি পেশায় একজন নাপিত ছিলেন।
শুক্রবার (২৭ মার্চ)  বিকাল আনুমানিক ৪টার দিকে উপজেলার পুরানগড় ইউনিয়নের ১নং ওয়ার্ডের একটি পাহাড়ি এলাকা থেকে তার লাশ উদ্ধার করা হয়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২৩ মার্চ তিনি বাড়ি থেকে নাপিতের কাজের উদ্দেশ্যে বের হয়ে নিখোঁজ হন। এরপর পরিবারের পক্ষ থেকে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি চলছিল।

তার নিকট আত্মীয়রা জানান, শাহাল শীল বাড়ি বাড়ি গিয়ে চুল কাটার কাজ করতেন এবং প্রায় সময় কয়েকদিনের জন্য বাড়ি থেকে বাইরে থাকতেন। এ কারণে নিখোঁজ হওয়ার পর প্রথমদিকে পরিবার তেমন উদ্বিগ্ন হয়নি। তবে তিনি নিয়মিত নেশা করতেন বলেও জানান তারা।

শনিবার দুপুরে স্থানীয় কিছু ব্যক্তি পাহাড়ে কাজ করতে গেলে দুর্গন্ধ পেলে খোঁজ নিয়ে একটি অর্ধগলিত লাশ দেখতে পান এবং বিষয়টি সাতকানিয়া থানায় জানান। পরে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে এবং পরিচয় নিশ্চিত করে পরিবারের সদস্যদের খবর দেয়। পরে পরিবার ঘটনাস্থলে গিয়ে লাশ শনাক্ত করে।

পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে, তারা এ ঘটনায় থানায় কোনো অভিযোগ দেননি। তাদের ধারণা, অতিরিক্ত মদ্যপানের কারণেই তার মৃত্যু হয়ে থাকতে পারে।

সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল হক জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা রুজু করা হবে। তবে নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ