
দেশচিন্তা ডেস্ক: দেশের বাজারে স্বর্ণের দাম কমানোর ঘোষণা দিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)।
এবার প্রতি ভরিতে সর্বোচ্চ ৩ হাজার ২৬৬ টাকা পর্যন্ত স্বর্ণের দাম কমেছে। ফলে ভালো মানের স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২ লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা। গতকাল প্রতি ভরি স্বর্ণ বেচাকেনা হয়েছে ২ লাখ ৬৮ হাজার ২১৪ টাকায়।
সোমবার (৯ মার্চ) সকালে বাজুসের দেওয়া বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। নতুন দাম আজ সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে বলে জানিয়েছে সংগঠনটি।
বাজুস জানিয়েছে, তেজাবি (পিওর গোল্ড) স্বর্ণের দাম কমে যাওয়ায় স্থানীয় বাজারে দাম কমেছে। তবে, স্থানীয় বাজারের আগে দাম কমেছে বৈশ্বিক বাজারে।
বিশ্বজুড়ে স্বর্ণ ও রুপার দামের নির্ভরযোগ্য ওয়েবসাইট গোল্ডপ্রাইস.ওআরজি সূত্রে জানা যায়, আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম ৫ হাজার ১২০ ডলার।
নতুন দাম অনুযায়ী সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম দুই লাখ ৬৪ হাজার ৯৪৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ৫২ হাজার ৮৭৬ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি দুই লাখ ১৬ হাজার ৭৭৫ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণের দাম এক লাখ ৭৬ হাজার ৯৪৩ টাকা।
স্বর্ণের দামের সঙ্গে রুপার দাম কমানো হয়েছে। ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৬ হাজার ৩৫৭ টাকা। এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি রুপা ৬ হাজার ৬৫ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৫ হাজার ১৯০ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি রুপার দাম ৩ হাজার ৯০৭ টাকা।











