
দেশচিন্তা ডেস্ক: বিডিআর হত্যাকাণ্ডের ঘটনায় দায়ীদের আইনের আওতায় এনে সাজার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সকালে বনানীতে বিডিআর বিদ্রোহে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের একথা জানান মির্জা ফখরুল।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর দলের এবং চেয়ারম্যান তারেক রহমানের পক্ষে শ্রদ্ধা জানান বিএনপি মহাসচিব। এসময় তার সঙ্গে ছিলেন মেজর জেনারেল (অব.) ফজলে এলাহি আকবর, লেফটেন্যান্ট কর্নেল (অব.) জামান, মেজর (অব.) মিজানুর রহমান, মেজর (অব.), সিদ্দিকুর রহমান স্কোয়াডেন লিডার (অব.) জাহিদ হোসেন, জাতীয়তাবাদী সমমনা জোট প্রধান সমন্বয়ক খন্দকার লুৎফর রহমান, রাকিন আহমেদ ভুইয়া, বিএনপি মিডিয়া সেল সদস্য শায়রুল কবির খান প্রমুখ।
পরে মির্জা ফখরুল বলেন, ‘এই দিনটি আমাদের জাতীয় জীবনের কলঙ্কময় দিন। ওই ঘটনার মধ্য দিয়ে দেশের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে দেওয়ার, সেনাবাহিনীর মনোবল ভেঙে দেয়ার চক্রান্ত হয়েছিল।’
বিএনপি সরকার গঠনের মাধ্যমে দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার সুযোগ পেয়েছে বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল।











