আজ : সোমবার ║ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৯ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║২৬শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২১শে শাবান, ১৪৪৭ হিজরি

কারা অধিদপ্তরকে বুখারি মুসলিম শরিফসহ ১৩ হাজার ধর্মীয় বই উপহার ধর্ম মন্ত্রণালয়ের

দেশচিন্তা ডেস্ক: কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

সোমবার (৯ ফেব্রুয়ারি) ধর্ম মন্ত্রণালয় থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসব বই হস্তান্তর করা হয়।

ধর্ম উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়, দেশের ৬৮টি কারাগারে থাকা প্রায় ৭০ হাজার কয়েদি ও হাজতির নৈতিক উন্নয়ন ও মানসিক পরিবর্তন, কয়েদিদের অপরাধ থেকে দূরে রাখতে ওয়ার্ডে ওয়ার্ডে নামাজের ব্যবস্থা এবং ধর্মীয় শিক্ষক নিয়োগের মাধ্যমে জ্ঞান অর্জনের সুযোগ তৈরির লক্ষ্যে ধর্মীয় ও নৈতিকতাভিত্তিক বই, জায়নামাজ এবং অন্যান্য সামগ্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরীর হাতে ১৩ হাজার কপি বই হস্তান্তর করেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন।

এসময় স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি, ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মো. মোতাহের হোসেন, এনডিসি, পিএসসি ও স্বরাষ্ট্র ও ধর্ম উপদেষ্টার দুই একান্ত সচিব উপস্থিত ছিলেন।

ধর্মীয় বই দেয়ার লক্ষ্য হলো কারাগারে থাকা মানুষগুলো দীর্ঘ সময় একাকিত্ব, হতাশা ও অপরাধবোধের ভেতর দিয়ে যায়। ধর্মীয় বই তাদের মনে আল্লাহভীতি জাগ্রত করে। নিজের ভুল উপলব্ধি করার সুযোগ দেয়। অন্তরে অনুশোচনা তৈরি হয়। এই অনুশোচনা থেকেই সংশোধনের পথ শুরু হয়।

ধর্মীয় বই পাঠের মাধ্যমে কয়েদি ও হাজতিরা ভালো-মন্দের পার্থক্য বুঝতে শেখে। ন্যায়, অন্যায়, ধৈর্য, ক্ষমা ও দায়িত্ববোধের মতো গুণগুলো তাদের চিন্তায় প্রভাব ফেলে। এতে করে তাদের আচরণে পরিবর্তন আসে। সহিংসতা, ঝগড়া ও বিশৃঙ্খলা কমে। কারাগারের পরিবেশ তুলনামূলক শান্ত ও শৃঙ্খলাপূর্ণ হয়। এ ধরনের বই তাদের মানসিক প্রশান্তিও দেয়। নামাজ, দোয়া ও আল্লাহর ওপর ভরসার শিক্ষা মানসিক চাপ কমাতে সাহায্য করে। হতাশার জায়গায় আশার আলো তৈরি হয়। জীবনের প্রতি নতুন দৃষ্টিভঙ্গি জন্ম নেয়। অনেকেই ভবিষ্যতে সৎ পথে ফেরার দৃঢ় সিদ্ধান্ত নেয়। এজন্যই ধর্ম মন্ত্রণালয় এ সিদ্ধান্ত নিয়েছে বলে জানা যায়।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ