
দেশচিন্তা ডেস্ক: জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নে সরকারের দ্বিচারিতা জুলাই শহীদদের আকাঙ্ক্ষাকে উপেক্ষা করছে–হাসিনা ইয়াসমিন রীনা
‘জুলাই সনদ ও গণভোট বাস্তবায়নের প্রতিশ্রুতি দিয়ে সরকার এখন দ্বিচারিতার আশ্রয় নিয়েছে। জুলাই শহীদদের রক্তের বিনিময়ে যে নতুন বাংলাদেশের স্বপ্ন মানুষ দেখেছিল, সেই প্রত্যাশা আজও পূরণ হয়নি।’এমন মন্তব্য করেছেন ‘জুলাই গণঅভ্যুত্থান: প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভায় নেতৃবৃন্দ।
মঙ্গলবার (৪ আগস্ট) বিকেলে কর্ণফুলীর ক্রসিং এলাকায় এস আর স্কয়ারে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা বিভাগের উদ্যোগে এ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও চট্টগ্রাম মহানগর মহিলা জামায়াতের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি মিসেস হাসিনা ইয়াসমিন রীনা। চট্টগ্রাম দক্ষিণ জেলা জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারি মিসেস গুলশান হোসাইনের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সহকারী সেক্রেটারি মিসেস কামরুন্নাহার।
আলোচনা সভায় বক্তব্য দেন মিসেস আসমা সুলতানা, মিসেস শামসুন্নাহার, মিসেস মুমতাহিনা আফিয়া, মিসেস খাদিজা বেগম, মিসেস ফরিদা ইয়াসমিন, মিসেস সাফিয়া বেগম ও মিসেস সালমা আক্তার।
বক্তারা বলেন, জুলাই গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্বপ্ন ছিল একটি ন্যায়ভিত্তিক, জবাবদিহিমূলক ও বৈষম্যহীন রাষ্ট্র প্রতিষ্ঠা। কিন্তু সেই আকাঙ্ক্ষার বাস্তব প্রতিফলন এখনো দৃশ্যমান হয়নি।
কারন জনগণের প্রত্যাশার অন্যতম বিষয় জুলাই সনদ ও গণভোটের প্রতিশ্রুতি বাস্তবায়নের ক্ষেত্রে সরকারের অবস্থান অস্পষ্ট ও পরস্পরবিরোধী, যা জনগণের মধ্যে হতাশা সৃষ্টি করছে।
বক্তারা আরও দাবি করেন, দেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি সাধারণ মানুষের নিরাপত্তাবোধকে দুর্বল করে দিয়েছে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধিতে নিম্ন ও মধ্যবিত্ত মানুষের জীবনযাত্রা ক্রমেই কঠিন হয়ে উঠছে। ফলে জনগণের মৌলিক প্রত্যাশা পূরণের পরিবর্তে এসব সংকট আরও প্রকট হয়েছে।
সভায় বক্তারা জুলাই শহীদদের আত্মত্যাগের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, তাঁদের রক্তের ঋণ কেবল স্মরণসভা বা আনুষ্ঠানিকতার মাধ্যমে শোধ হবে না; বরং জনগণের ভোটাধিকার, সুশাসন, ন্যায়বিচার, আইনের শাসন এবং জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার মধ্য দিয়েই সেই আত্মত্যাগের যথার্থ মর্যাদা নিশ্চিত করা সম্ভব।
আয়োজিত সভায় জেলা ও উপজেলা পর্যায়ের মহিলা জামায়াতের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের রূহের মাগফিরাত, আহতদের সুস্থতা এবং দেশ, জাতি ও মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

















