
দেশচিন্তা ডেস্ক: ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষ্যে আগামী ৪ ও ৫ আগস্ট, ২০২৬ দুই দিনব্যাপী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি ও অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এ সম্পর্কে বিস্তারিত জানানোর লক্ষ্যে সোমবার (৩ আগস্ট ২০২৬) দুপুর ৩টায় চবি উপাচার্য দপ্তরের সম্মেলন কক্ষে একটি সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত থেকে বক্তব্য রাখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং লিখিত বক্তব্য পাঠ করেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এছাড়া বক্তব্য রাখেন চবি মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম।
মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান সবাইকে শুভেচ্ছা জানিয়ে বলেন, জুলাই গণঅভ্যুত্থানকে ধারণ করে আমরা বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছি। আগামী দুই দিনব্যাপী সেসব কর্মসূচি অনুষ্ঠিত হবে। এসব কর্মসূচি সফল করার জন্য সকলের সহযোগিতা কামনা করছি।
লিখিত বক্তব্যে মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, সরকারের পক্ষ থেকে দেশব্যাপী জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। তারই ধারাবাহিকতায়, আগামী ৫ আগস্ট ২০২৬ তারিখে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় অত্যন্ত মর্যাদা, ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬’ পালন করতে যাচ্ছে। জুলাই গণ-অভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষ্যে আগামী ৪ ও ৫ আগস্ট ২০২৬ দুই দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। ৪ আগস্ট ২০২৬ বেলা ১১টায় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় জাদুঘর গ্যালারিতে চিত্রকলা ও গ্রাফিতি প্রদর্শনী এবং বেলা ১১.৩০টায় চাকসু কেন্দ্রে শিশু-কিশোরদের চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
আয়োজনের দ্বিতীয় দিন ৫ আগস্ট ২০২৬ (মঙ্গলবার) দিনব্যাপী মূল অনুষ্ঠানমালা অনুষ্ঠিত হবে। বেলা ১১টায় এক বর্ণাঢ্য বিজয় র্যালির মাধ্যমে অনুষ্ঠানের শুরু হবে, র্যালিটি স্মরণ চত্বর থেকে শুরু হয়ে সমাজবিজ্ঞান অনুষদ চত্বরে গিয়ে শেষ হবে। এরপর সকাল ১১:৩০টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত হবে “ইতিহাসের আয়নায় জুলাই গণঅভ্যুত্থান: ভাবাদর্শের রূপান্তর ও বাস্তবতার অভিঘাত” শীর্ষক সেমিনার ও আলোচনা সভা। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ভূমি এবং পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, এমপি। উদ্বোধক ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন মাননীয় উপ-উপাচার্য (প্রশাসন) প্রফেসর ড. মো. সফিকুল ইসলাম। সেমিনার ও আলোচনা সভায় সভাপতিত্ব করবেন মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করবেন চ.বি. জাদুঘরের পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জাহিদুর রহমান এবং প্যানেল আলোচক হিসেবে বক্তব্য রাখবেন ইংরেজি বিভাগের প্রফেসর জেরীন চৌধুরী ও অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হলের প্রভোস্ট ও রাজনীতি বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক জনাব এ. জি. এম. নিয়াজ উদ্দিন।
একই দিন দুপুর ২:৩০টায় সমাজবিজ্ঞান অনুষদ অডিটোরিয়ামে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই পর্বে জুলাই গণ-অভ্যুত্থান নিয়ে নির্মিত ডকুমেন্টারি প্রদর্শন, ‘তিনি আসছেন’ শীর্ষক মঞ্চ নাটক, বিষয়ভিত্তিক নাচ এবং চ.বি. সঙ্গীত বিভাগের পরিবেশনায় জুলাই গণঅভ্যুত্থানের গান এবং দেশাত্ববোধক গান পরিবেশন করা হবে। থাকবে ব্যান্ড দল ‘সরলা’-এর সংগীত পরিবেশনা। এছাড়া জুলাই গণঅভ্যুত্থান দিবস পালন উপলক্ষ্যে ৫ আগস্ট রাতে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রত্যেক হলে আবাসিক-অনাবাসিক সকল শিক্ষার্থীদের জন্য উন্নতভোজের আয়োজন করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন উদযাপন কমিটির সদস্যবৃন্দ, সদস্য সচিব, বিভিন্ন উপ-কমিটির আহ্বায়ক, সদস্য সচিব এবং সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক এবং অনলাইন মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

















