
তাইজুল ইসলাম
হবিগঞ্জের ঐতিহ্যবাহী ও সুনামধন্য বিদ্যাপীঠ বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রাবাসের কার্যনির্বাহী কমিটির উদ্যোগে অফিস সহকারী এস এম সাইয়েদ খন্দকারের শুভ বিবাহ উপলক্ষে ব্যতিক্রমী আয়োজনে ‘হলুদ সন্ধ্যা’ এবং প্রীতি সম্মিলনী ও নৈশভোজ অনুষ্ঠিত হয়েছে।
গত ৮ জুলাই রাত ৮টা থেকে এ আয়োজন শুরু হয়। প্রথমে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন বৃন্দাবন সরকারি কলেজ হোস্টেল ছাত্রাবাসের বর্তমান সিনিয়র ও কার্যনির্বাহী কমিটির সদস্যরা।
অনুষ্ঠানে হামদ, নাত, গজল, কবিতা ও কাওয়ালীর আসর বসে। হলুদ লাগানোর পর কলেজের মেধাবী শিক্ষার্থীরা সংগীত পরিবেশন করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের বিভাগীয় প্রধান এবং বর্তমান হোস্টেল সুপার আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ। এ সময় আরও উপস্থিত ছিলেন সহকারী হোস্টেল সুপার এ কে এম এহসানুল হক এবং ছাত্রাবাস তত্ত্বাবধানে নিয়োজিত সকল কর্মকর্তা।
ছাত্র প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন বৃন্দাবন সরকারি কলেজ ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাহফুজ চৌধুরী, যুগ্ম আহ্বায়ক সাইফ শিমুল, যুগ্ম আহ্বায়ক রক্সি ইসলাম, হবিগঞ্জ পৌর ছাত্রদলের ছাত্রবিষয়ক সম্পাদক মোজাক্কির হোসেন ইমনসহ অন্যান্য ছাত্র প্রতিনিধিরা। এছাড়াও অনুষ্ঠানে হোস্টেলের প্রাক্তন ও বর্তমান সকল শিক্ষার্থী অংশগ্রহণ করেন।
বর্তমান হোস্টেল সুপার আবু সালেহ মুহাম্মদ আব্দুল্লাহ বলেন, “ছাত্রাবাসের কার্যনির্বাহী সদস্যদের চমৎকার আয়োজনে আমি মুগ্ধ। সাইয়েদ সাহেব বহু বছর ধরে আমাদের সঙ্গে আছেন। তাঁর বিয়ে উপলক্ষে আজকের আয়োজন অত্যন্ত সুন্দর হয়েছে এবং এমন আন্তরিকতা সত্যিই বিরল। সাইয়েদ সাহেবের বিবাহিত জীবনের জন্য শুভকামনা জানাই। তাঁর দাম্পত্য জীবন সুখের হোক।
অনুষ্ঠানে অংশ নেওয়া ছাত্রাবাসের প্রাক্তন শিক্ষার্থীরা বলেন, বহু বছর আগে আমরা হোস্টেল ছেড়েছি। হোস্টেলের স্মৃতিগুলো মনে পড়লেই সাইয়েদ ভাইয়ের কথা মনে পড়ে। তিনি বড় ভাইয়ের মতো আমাদের পাশে থেকেছেন। আজ তাঁর গায়ে হলুদ অনুষ্ঠানে উপস্থিত হতে পেরে আমরা আনন্দিত। এত সুন্দর একটি আয়োজন করার জন্য ছোট ভাইদের অসংখ্য ধন্যবাদ। সাইয়েদ ভাইয়ের জন্য শুভকামনা রইল।
ছাত্র প্রতিনিধি মাহফুজ চৌধুরী বলেন, আমরা দূর-দূরান্ত থেকে আসা শিক্ষার্থীদের আপনজন হলেন সাইয়েদ ভাই। তিনি আজকের এই আয়োজন আমাদের কাছে প্রত্যাশা করতেন। তাঁর ও তাঁর পরিবারের সকলের সুস্বাস্থ্য কামনা করি।
এছাড়াও অনুষ্ঠানে সিনিয়র-জুনিয়র আরও অনেকে এস এম সাইয়েদ খন্দকারের বিয়ের শুভকামনা জানিয়ে বক্তব্য রাখেন।
সমাপনী বক্তব্যে এস এম সাইয়েদ খন্দকার বলেন, আপনাদের এই আয়োজন আমার প্রত্যাশার চেয়েও বেশি সুন্দর হয়েছে। আমি সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সুস্বাস্থ্য কামনা করছি। আমার জন্য দোয়া করবেন, আমার নতুন জীবন যেন সহজ ও সুন্দর হয়।
ছাত্রাবাসের এমন ব্যতিক্রমী ও জমকালো আয়োজনে আর কলেজ ছাত্রাবাসের সকল শিক্ষার্থী, স্টাফ এবং তত্ত্বাবধায়কগন আনন্দিত।


















