আজ : সোমবার ║ ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ১৭ই আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ║২রা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা রবিউল আউয়াল, ১৪৪৮ হিজরি

প্রিমিয়ার ইউনিভার্সিটিতে দুই দিনব্যাপী ‘পিইউসিসি টেক ফেস্ট ২০২৬’ অনুষ্ঠিত

দেশচিন্তা ডেস্ক: উদ্ভাবন, প্রযুক্তি, সৃজনশীলতা ও দক্ষতা বিকাশের লক্ষ্য নিয়ে প্রিমিয়ার ইউনিভার্সিটির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগ, প্রিমিয়ার ইউনিভার্সিটি কম্পিউটার ক্লাব (পিইউসিসি)-এর সহযোগিতায় দুই দিনব্যাপী ‘পিইউসিসি টেক ফেস্ট ২০২৬’ আয়োজন করেছে| ৩০ জুন থেকে ১ জুলাই ২০২৬ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের হাজারী লেইনস্থ ভবনে আয়োজিত এ প্রযুক্তি উৎসবে প্রিমিয়ার ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উৎসাহ-উদ্দীপনার সঙ্গে অংশগ্রহণ করেন|
দুই দিনব্যাপী এই আয়োজনে মোট ৭টি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়| আয়োজিত ইভেন্টের মধ্যে ছিল প্রোগ্রামিং কনটেস্ট, সাইবার সিকিউরিটি সিটিএফ, ইউআই/ইউএক্স ডিজাইন হ্যাকাথন, ডেটাথন, প্রজেক্ট শোকেস, টেক টক, মিটআপ উইথ অ্যালামনি, টেক কুইজ এবং ফটোগ্রাফি কনটেস্ট|
অনুষ্ঠান উপলক্ষে ১ জুলাই ২০২৬ সকাল ৯টায় বিশ্ববিদ্যালয়ের হাজারী লেইনস্থ ক্যাম্পাস থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়| র‌্যালিটি লালদিঘির পাড় প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়| র‌্যালিতে নেতৃত্ব দেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির| এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির, প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল, সিএসই বিভাগের শিক্ষক-শিক্ষার্থী এবং কম্পিউটার ক্লাবের সদস্যবৃন্দ|
মোহাম্মদ ইকবাল হাসান, প্রোগ্রামার (হেড অফ আইটি), চট্টগ্রাম সিটি করপোরেশন, টেক টক ইভেন্টে ইন্ডাস্ট্রি এক্সপার্ট হিশেবে শিক্ষার্থীদের জন্য সফটওয়্যার প্রযুক্তি শিল্পের বর্তমান ধারা, কর্মক্ষেত্রের চাহিদা এবং দক্ষতা উন্নয়ন বিষয়ে একটি বিশেষ সেশন পরিচালনা করেন|
সিএসই বিভাগের অ্যালামনাইদের সাথে বর্তমান শিক্ষার্থীদের অভিজ্ঞতা বিনিময়, ক্যারিয়ার পরিকল্পনা এবং ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে প্রাণবন্ত আলোচনা ইভেন্ট মিটআপ উইথ অ্যালামনি অনুষ্ঠিত হয়| অ্যালামনাইদের মধ্যে উপস্থিত ছিলেন সরন বড়ুয়া, ফাউন্ডার, মেকআপ কোডারস; মোজাম্মেল হক নাসিফ, সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার, কার্সর লিমিটেড; অভিষেক চৌধুরী, এডজাংক ফ্যাকাল্টি, প্রিমিয়ার ইউনিভার্সিটি|
১ জুলাই ২০২৬ বিকেল ৩:৩০টায় অনুষ্ঠিত হয় পুরস্কার বিতরণী ও সমাপনী অনুষ্ঠান| এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রিমিয়ার ইউনিভার্সিটির মাননীয় উপাচার্য অধ্যাপক এস. এম. নছরুল কদির| বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির এবং প্রকৌশল অনুষদের সহযোগী ডিন প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল|
প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস. এম. নছরুল কদির বলেন, চতুর্থ শিল্পবিপ্লবের এই যুগে শুধু পাঠ্যপুস্তকভিত্তিক জ্ঞান অর্জন যথেষ্ট নয়; প্রয়োজন বাস্তবভিত্তিক দক্ষতা, উদ্ভাবনী চিন্তা এবং সমস্যা সমাধানের সক্ষমতা| পিইউসিসি টেক ফেস্টের মতো আয়োজন শিক্ষার্থীদের মেধা, নেতৃত্ব, সৃজনশীলতা ও দলগত কাজের দক্ষতা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে| আমি বিশ্বাস করি, আজকের এই শিক্ষার্থীরাই ভবিষ্যতে দেশের প্রযুক্তি খাতকে আরও সমৃদ্ধ করবে| বিশ্ববিদ্যালয় সবসময় শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন ও উদ্ভাবনী উদ্যোগকে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাবে|
বিশেষ অতিথির বক্তব্যে রেজিস্ট্রার জনাব মোহাম্মদ ইফতেখার মনির বলেন, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ| এ ধরনের প্রযুক্তি উৎসব আত্মবিশ্বাস বৃদ্ধি, পেশাগত দক্ষতা অর্জন এবং পারস্পরিক সহযোগিতার মানসিকতা গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে| ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত পরিসরে আয়োজনের প্রত্যাশা করছি|
বিশেষ অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাহীদ মো. আসিফ ইকবাল বলেন, প্রযুক্তির পরিবর্তন অত্যন্ত দ্রুত| তাই শিক্ষার্থীদের প্রতিনিয়ত নতুন প্রযুক্তি সম্পর্কে জানতে হবে, গবেষণামুখী হতে হবে এবং বাস্তব সমস্যার প্রযুক্তিনির্ভর সমাধান উদ্ভাবনে এগিয়ে আসতে হবে| পিইউসিসি টেক ফেস্ট শিক্ষার্থীদের সেই সুযোগ করে দিয়েছে, যা তাদের ভবিষ্যৎ কর্মজীবনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে|
উৎসব শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার, সনদপত্র ও সম্মাননা স্মারক প্রদান করা হয়| প্রাণবন্ত অংশগ্রহণ, প্রতিযোগিতামূলক পরিবেশ এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মধ্য দিয়ে সফলভাবে সমাপ্ত হয় দুই দিনব্যাপী ‘পিইউসিসি টেক ফেস্ট ২০২৬’| এই আয়োজন শিক্ষার্থীদের প্রযুক্তিগত দক্ষতা, উদ্ভাবনী মানসিকতা, গবেষণার আগ্রহ এবং শিল্পখাতের সঙ্গে সংযোগ স্থাপনে একটি কার্যকর প্ল্যাটফর্ম হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে|

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  

আজকের সর্বশেষ সংবাদ