
দেশচিন্তা ডেস্ক: বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, বাংলা সাহিত্যের গুরু রবীন্দ্রনাথ ঠাকুর। কাচারিবাড়ীতে বসেই রবীন্দ্রনাথ ঠাকুর জগৎ বিখ্যাত সাহিত্য রচনা করেছেন। এ অঞ্চলের মাটি ও মানুষকে ভালোবেসেই তিনি লিখেছেন অসংখ্য গান, কবিতা ও উপন্যাস। তার রচিত গান ও সাহিত্যকর্ম এ দেশের মানুষ যুগ যুগ স্মরণ করবে।
শুক্রবার (৮ মে) বেলা ১১টায় রবীন্দ্রনাথ ঠাকুরের ২৬৫তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে কাচারিবাড়ীতে তিন দিনব্যাপী রবীন্দ্র জন্মজয়ন্তীর উদ্বোধনকালে তিনি একথা বলেন।
টুকু বলেন, শাহজাদপুরের বাংলা সাহিত্য কথা বলতে গেলেই রবীন্দ্রনাথ ঠাকুরের নামই প্রথম আসে। এজন্যই তাকে আজ দেশবাসী নানা আয়োজনের মধ্যদিয়ে স্মরণ করছেন।
সিরাজগঞ্জ জেলা প্রশাসক মো. আমিনুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- স্বাস্থ্য প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ কে এম আব্দুল্লাহ খান, রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য সুমন কান্তি বড়ুয়া, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মনজিল প্রমুখ।
সিরাজগঞ্জ জেলা ও উপজেলা প্রশাসনের উদ্যোগে এবারে ৮, ৯ ও ১০ মে- ২৫, ২৬ ও ২৭শে বৈশাখ কবিগুরুর জন্মবার্ষিকী উপলক্ষ্যে তিনদিনের অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। এতে রবীন্দ্র মেলাও বসেছে। এ উৎসবে দেশ-বিদেশ ও স্থানীয় রবীন্দ্র অনুরাগীদের ঢল নেমেছে কাচারিবাড়িতে। আগামী ১০ মে জন্মজয়ন্তী উৎসবের পর্দা নামবে।










