আজ : বুধবার ║ ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বুধবার ║ ৬ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║২৩শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ১৯শে জিলকদ, ১৪৪৭ হিজরি

ডেপুটি স্পিকারের সঙ্গে ইউনেস্কো প্রতিনিধিদলের সাক্ষাৎ

দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সঙ্গে ইউনেস্কোর হেড অব অফিস ও কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ ড. সুজান ভাইজের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সৌজন্য সাক্ষাৎ করেছেন।

বুধবার (৬ মে) সংসদ ভবনে ডেপুটি স্পিকারের কার্যালয়ে তারা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সাক্ষাৎকালে ডেপুটি স্পিকার বলেন, বাংলাদেশের সংবিধানে মতপ্রকাশের স্বাধীনতা একটি মৌলিক অধিকার হিসেবে স্বীকৃত। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ইচ্ছাকৃতভাবে ভুল তথ্য (Misinformation/Disinformation) ছড়িয়ে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করা মতপ্রকাশের স্বাধীনতার অন্তর্ভুক্ত নয়। এ বিষয়ে সংসদ সদস্য ও সংশ্লিষ্ট অংশীজনদের নিয়ে প্রশিক্ষণের আয়োজন করার বিষয়ে গুরুত্বারোপ করেন তিনি।

তিনি আরও বলেন, ইউনেস্কোর শিক্ষা, সংস্কৃতি ও তথ্যপ্রযুক্তি কার্যক্রম থেকে বাংলাদেশের শিশুরা ব্যাপকভাবে উপকৃত হচ্ছে। সাইবার অপরাধ ও সাইবার নিরাপত্তা সংক্রান্ত আইন সম্পর্কে জনগণকে সচেতন করা জরুরি।

ইউনেস্কো প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, গণমাধ্যম উন্নয়ন, তথ্য যাচাই, সাংবাদিকতার পেশাগত মানোন্নয়ন এবং নাগরিকদের তথ্যপ্রাপ্তির সক্ষমতা বৃদ্ধিতে তারা সম্মিলিতভাবে কাজ করবে। সাক্ষাৎকালে শিক্ষা, তথ্যপ্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা ও সাইবার নিরাপত্তাসহ বিভিন্ন দ্বিপাক্ষিক সহযোগিতার বিষয় নিয়ে আলোচনা হয়।

এ সময় ইউনেস্কো প্রতিনিধিদলের সদস্য এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ