আজ : শুক্রবার ║ ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১০ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ║২৭শে চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ║ ২২শে শাওয়াল, ১৪৪৭ হিজরি

গণভোটের গণরায় দ্রুত বাস্তবায়নের দাবি: সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪

দেশচিন্তা ডেস্ক: মঞ্চ ২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেছেন, গুম, খুন, জুলুম ও নির্যাতনের বিরুদ্ধে সংঘটিত গণঅভ্যুত্থান হাজারো শহীদের রক্তের বিনিময়ে একটি নতুন স্বাধীনতার সূচনা করেছে।

তিনি বলেন, জনগণের ইচ্ছাই রাষ্ট্র পরিচালনার মূল ভিত্তি হবে এমন একটি বাংলাদেশ প্রত্যাশা করা হয়েছিল। তাই গণভোটে প্রকাশিত গণরায় দ্রুত বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৩টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।

ফাহিম ফারুকী বলেন, অত্যন্ত দুঃখ ও উদ্বেগের সঙ্গে আমরা লক্ষ্য করছি যে, সেই গণআকাঙ্ক্ষাকে উপেক্ষা করে আবারও একটি বিপরীতমুখী রাষ্ট্রব্যবস্থা গঠনের প্রক্রিয়া চলছে। গণভোটে প্রাপ্ত প্রায় ৭৭ শতাংশ জনগণের সুস্পষ্ট রায় থাকা সত্ত্বেও সরকার সেই রায় বাস্তবায়নে গড়িমসি করছে। এমনকি সংসদে জুলাই চেতনার পরিপন্থী বিভিন্ন আইন পাস করা হয়েছে, যা জনগণেরসঙ্গে প্রতারণার শামিল।

মঞ্চ ২৪-এর আহ্বায়ক বলেন, জনগণের রায় উপেক্ষা করে কোনো রাষ্ট্রব্যবস্থা দীর্ঘস্থায়ী হতে পারে না। জুলাই সনদের উপর শপথ না নেওয়া এবং তার বাস্তবায়নে অনীহা প্রকাশের মাধ্যমে সরকার জনগণকে ভুল বার্তা দিচ্ছে। এটি গণআকাঙ্ক্ষার বিরুদ্ধে অবস্থান নেওয়ার শামিল।

একই দাবিতে অনশনরতদের কথা উল্লেখ করে ফাহিম ফারুকী বলেন, আমাদের তিনজন সহযোদ্ধা বর্তমানে আমরণ অনশনে রয়েছেন এবং ইতোমধ্যে ৪৫ ঘণ্টারও বেশি সময় অতিক্রম করেছেন। তারা জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে উপনীত হয়েছেন। তাদের জীবনের কোনো ক্ষতি হলে এর সম্পূর্ণ দায়ভার সরকারকেই বহন করতে হবে।

তিনি বলেন, শহীদ আবু সাইদ বিচারিক প্রক্রিয়ায় মাত্র দুইজনের মৃত্যুদণ্ড কার্যকর করে সরকার তথাকথিত সাম্য ও সুষ্ঠু বিচার প্রদর্শনের চেষ্টা করেছে। কিন্তু বাস্তবতা হলো-এই ঘটনায় জড়িত উচ্চপর্যায়ের শক্তিগুলোকে আড়াল করা হয়েছে, যা বিচারহীনতার সংস্কৃতিকেই আরও শক্তিশালী করছে।

সংবাদ সম্মেলন থেকে মঞ্চ ২৪ চার দফা দাবি উত্থাপন করে। দাবিগুলো হলো, অবিলম্বে গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই সনদের পূর্ণ বাস্তবায়ন নিশ্চিত করা, অনশনরত শিক্ষার্থীদের দাবির প্রতি সম্মান জানিয়ে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া এবং বিচার ব্যবস্থায় স্বচ্ছতা নিশ্চিত করে প্রকৃত দোষীদের আইনের আওতায় আনা।

এ সময় সংগঠনটির পক্ষ থেকে কয়েকটি কর্মসূচিও ঘোষণা করা হয়। মঞ্চ ২৪ জানায়, তারা অনশনরত শিক্ষার্থীদের সঙ্গে সংহতি প্রকাশ করে আমরণ অনশনে অংশগ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন। পাশাপাশি দেশব্যাপী জনরায় বাস্তবায়নের দাবিতে জনসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি শুরু করা হবে।

সংবাদ সম্মেলনে মঞ্চ ২৪-এর পক্ষ থেকে আরও বলা হয়, ১২ তারিখের মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো ইতিবাচক পদক্ষেপ দেখা না যায়, তবে তারা সর্বাত্মক আন্দোলনের ডাক দেবেন এবং জনগণকে সঙ্গে নিয়ে রাজপথে নামবেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ