
দেশচিন্তা ডেস্ক: আইনশৃঙ্খলা রক্ষায় আরো কার্যকর ভূমিকা পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো: আলী হোসেন ফকির।
পবিত্র ঈদুল ফিতরের ছুটি শেষে প্রথম কর্মদিবসে মঙ্গলবার (২৪ মার্চ) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আয়োজিত ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।
আইজিপি বলেন, এবারের ঈদে ঘরমুখো মানুষের ঈদযাত্রা নিরাপদ ও স্বস্তিদায়ক করতে হাইওয়ে, ট্রাফিক ও জেলা পুলিশসহ সকল ইউনিটের সদস্যরা অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেছেন।
পুলিশ প্রধান পুলিশ হেডকোয়ার্টার্সে কর্মরত সকল পর্যায়ের পুলিশ কর্মকর্তা ও সদস্য এবং সিভিল স্টাফদের সাথে ঈদের শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন এবং তাদেরকে ঈদোত্তর আন্তরিক শুভেচ্ছা জানান। অনুষ্ঠানে অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
















