
দেশচিন্তা ডেস্ক: মহান মুক্তিযুদ্ধে মুক্তিবাহিনীর সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর (অব.) ৪২তম মৃত্যুবার্ষিকী যথাযথ মর্যাদায় পালিত হয়েছে।
বাংলাদেশ সেনাবাহিনীর উদ্যোগে সোমবার (১৬ ফেব্রুয়ারি) সিলেটে দিবসটি পালন করা হয়।
এদিন সকালে সিলেটে হযরত শাহজালাল (রহ.) মাজার সংলগ্ন কবরস্থানে শায়িত জেনারেল এম এ জি ওসমানীর সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন ১৭ পদাতিক ডিভিশনের জেনারেল অফিসার কমান্ডিং (জিওসি) ও সিলেট এরিয়া কমান্ডার মেজর জেনারেল মো. আলীমুল আমীন।
এ সময় বাংলাদেশ সেনাবাহিনীর একটি চৌকস দল তাকে ‘গার্ড অব অনার’ প্রদান করে। পরে মরহুমের রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়।
অনুষ্ঠানে সিলেট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তারা, সেনাবাহিনীর বিভিন্ন পদবির সদস্যরা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
পড়েছেনঃ ৯











