আজ : শুক্রবার ║ ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৩ই ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ║৩০শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ║ ২৫শে শাবান, ১৪৪৭ হিজরি

বিজয়ী হয়েই প্রতিদ্বন্দ্বীর বাড়িতে ছুটে গেলেন আসাদুজ্জামান

দেশচিন্তা ডেস্ক: ঝিনাইদহ-১ আসনে ধানের শীষের প্রার্থী সাবেক অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বিপুল ভোটে জয়লাভ করেছেন। বিজয়ী হওয়ার পর ছুটে গেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীর বাড়িতে। তার হাতে তুলে দিয়েছেন ফুলের তোড়া।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জামায়াত মনোনীত পরাজিত প্রার্থী এএসএম মতিউর রহমানের বাড়িতে উপস্থিত হন ধানের শীষের বিজয়ী প্রার্থী মো. আসাদুজ্জামান। শৈলকূপা উপজেলার সারুটিয়া ইউনিয়নের নাদপাড়া গ্রামে জামায়াত প্রার্থীর বাড়িতে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত বিএনপি ও জামায়াতে ইসলামী কর্মীরাও একে অপরের সঙ্গে কুশল বিনিময় করেন।

কুশল বিনিময়ের পর নিজের বিজয়ের ফুলের মালা প্রতিদ্বন্দ্বী প্রার্থীর গলায় পরিয়ে দেন মো. আসাদুজ্জামান।

জামায়াত মনোনীত প্রার্থী মতিউর রহমান বলেন, ‌‘নির্বাচন সুন্দর ও সুষ্ঠু হয়েছে। আমরা কাঙ্ক্ষিত ভোট পেয়েছি। মানুষ নিরাপদে আছে। আমাদের এই জনপদে দাঙ্গা-হাঙ্গামার নেতিবাচক প্রচলন রয়েছে। আমি আশা করবো, বিজয়ী প্রার্থী মো. আসাদুজ্জামান শৈলকূপা তথা ঝিনাইদহের গণমানুষের আকাঙ্ক্ষা পূরণে সর্বোচ্চ অগ্রাধিকার দেবেন।’

এসময় বিজয়ী প্রার্থী মো. আসাদুজ্জামান তার সমর্থক ও গ্রামবাসীর উদ্দেশে বলেন, ‘ভোটে জয়-পরাজয় থাকবেই। কিন্তু আমাদের ভ্রাতৃত্ববোধের বন্ধন যেন অটুট থাকে। বিভেদ নয়, ঐক্যই হোক নতুন বাংলাদেশের ভিত্তি। জুলাইয়ের আন্দোলন ও তরুণদের আত্ম-বলিদান যেন বৃথা না যায়। আমরা সবাই মিলে দেশ গড়ার কাজে এগিয়ে যাবো।’

ঝিনাইদহ-১ (শৈলকূপা) আসনে বড় ব্যবধানে জয়ী হয়েছেন বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক অ্যাটর্নি জেনারেল অ্যাডভোকেট আসাদুজ্জামান। তিনি এক লাখ ৭৩ হাজার ৩৮১ ভোট পেয়ে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতের আবু সালেহ মো. মতিউর রহমান দাঁড়িপাল্লা প্রতীকে পান ৫৭ হাজার ৫৫ ভোট।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ