
দেশচিন্তা ডেস্ক: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কলা ও মানববিদ্যা অনুষদের সংগীত বিভাগে রেকর্ডিং স্টুডিও-এর শুভ উদ্বোধন সোমবার (১০ আগস্ট) বেলা ১২টায় করলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান। এসময় উপস্থিত ছিলেন চবি মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন।
মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ আল্-ফোরকান উদ্বোধন শেষে স্টুডিও পরিদর্শন করেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন। তিনি বলেন, রেকর্ডিং স্টুডিওটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য নিঃসন্দেহে একটি বড়
ধরনের উদ্যোগ। এর মাধ্যমে এখন থেকে শিক্ষার্থীরা নিজেদের কণ্ঠে গান রেকর্ড করার সুযোগ পাবে, যা তাদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক চর্চাকে আরও এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, আমি জেনে অত্যন্ত আনন্দিত হয়েছি যে, দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে এটি দ্বিতীয় রেকর্ডিং স্টুডিও। এমন একটি আধুনিক ফ্যাসিলিটি শিক্ষার্থীদের শুধু গান রেকর্ড করার সুযোগই দেবে না, বরং হাতে-কলমে সংগীতচর্চা, দক্ষতা বিকাশ এবং নিজেদের প্রতিভাকে আরও পরিপূর্ণভাবে তুলে ধরার সুযোগ সৃষ্টি করবে। তিনি উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান।
মাননীয় উপ-উপাচার্য (একাডেমিক) প্রফেসর ড. মোহাম্মদ আল-আমীন বলেন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে একটি নতুন পালক যুক্ত হলো। এটি শুধু সংগীত বিভাগের শিল্পীদের রেকর্ডিং করবে বিষয়টি তা নয়, এটি বাংলাদেশের একটি সেরা রেকর্ডিং স্টুডিও হতে পারে। তিনি আরো বলেন, সংগীতের স্রষ্টা তথা এই বিভাগের শিক্ষক শিক্ষিকারা এর মাধ্যমে তাদের সম্ভাব্যতা তুলে ধরতে পারবেন।
উদ্বোধন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কলা ও মানববিদ্যা অনুষদের ডিন প্রফেসর ড. মো. ইকবাল শাহীন খান, সংগীত বিভাগের সভাপতি মিশকাতুল মমতাজ, বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দসহ বিভাগের শিক্ষার্থীবৃন্দ।










