
দেশচিন্তা ডেস্ক: বাংলাদেশ জামায়াতে ইসলামী জোরারগঞ্জ থানা আয়োজিত রুকন সম্মেলন শুক্রবার (৩১ জুলাই) বিকেলে স্থানীয় একটি হলরুমে অনুষ্ঠিত হয়েছে।
জোরারগঞ্জ থানা আমীর মাওলানা নুরুল হুদা হামিদীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম উত্তর জেলা আমীর মুহাম্মদ আলাউদ্দিন সিকদার।
প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ আলাউদ্দিন সিকদার বলেন, বর্তমান সময় ইসলামী আন্দোলনের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ সময়ে প্রত্যেক রুকনকে আদর্শ, আমল, সাংগঠনিক দক্ষতা ও নেতৃত্বের গুণাবলিতে আরও সমৃদ্ধ হতে হবে। রুকনদের মানোন্নয়নই একটি শক্তিশালী ও কার্যকর সংগঠন গড়ে তোলার অন্যতম পূর্বশর্ত।
তিনি বলেন, সংগঠনের সাংগঠনিক ভিত্তি আরও মজবুত করতে ওয়ার্ডভিত্তিক নিয়মিত সফর, কর্মীদের খোঁজখবর গ্রহণ এবং জনগণের সঙ্গে নিবিড় যোগাযোগ বৃদ্ধি করতে হবে। প্রতিটি ওয়ার্ড ও ইউনিটকে সক্রিয় ও গতিশীল করে ইসলামী আন্দোলনের দাওয়াত ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।
তিনি আরও বলেন, বর্তমান যুগ তথ্যপ্রযুক্তির যুগ। নানা ধরনের অপপ্রচার, বিভ্রান্তি ও আদর্শিক চ্যালেঞ্জ মোকাবিলায় দায়িত্বশীলদের তথ্যপ্রযুক্তি সম্পর্কে দক্ষতা অর্জন করা অপরিহার্য। আধুনিক প্রযুক্তিকে ইতিবাচকভাবে কাজে লাগিয়ে ইসলামের সুমহান আদর্শ ও সংগঠনের সঠিক বার্তা মানুষের কাছে পৌঁছে দিতে হবে। পাশাপাশি প্রত্যেক রুকনকে আত্মশুদ্ধি, তাকওয়া, শৃঙ্খলা, জবাবদিহিতা ও সাংগঠনিক দায়িত্ব পালনে আরও সচেতন হওয়ার আহ্বান জানান তিনি।
সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক ফজলুল করিম, সাংগঠনিক সেক্রেটারি আনোয়ার ছিদ্দিক চৌধুরী এবং জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ নুরুন্নবী, ইঞ্জিনিয়ার বোরহান উদ্দিন, ইউসুফ বিন আবু বকর, মাওলানা জামাল হোসাইন ও মাওলানা মুহিউদ্দীন। এছাড়া উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী অফিস ও প্রচার সম্পাদক এজাহারুল ইসলাম এবং জোরারগঞ্জ থানা কর্মপরিষদের সদস্যবৃন্দ।
এর আগে জেলা কর্মপরিষদের সদস্যরা সকাল থেকে জোরারগঞ্জ ইউনিয়নের বিভিন্ন ইউনিট পর্যায়ের দায়িত্বশীলদের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় তারা সাংগঠনিক কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা, ইউনিটের কার্যক্রম আরও গতিশীল করা, দাওয়াতি তৎপরতা বৃদ্ধি এবং সাংগঠনিক মানোন্নয়নের বিষয়ে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।
















