
দেশচিন্তা ডেস্ক: গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গ নিয়ে আরও ৮ শিশুর মৃত্যু হয়েছে। এদের মধ্যে ঢাকা বিভাগেই ৩ জন। এ সময় নতুন করে আক্রান্ত হয়েছে ১ হাজার ১৭১ জন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য জানা গেছে।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত ১৫ মার্চ থেকে হামে এবং হামের উপসর্গ নিয়ে এখন পর্যন্ত সারা দেশে ৭৭৯ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে নিশ্চিতভাবে হামে মৃত্যু হয়েছে ৯৫ শিশুর। আর হামের উপসর্গ নিয়ে মারা গেছে ৬৮৪ জন।
একই সময়ে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়েছে (পরীক্ষায় প্রমাণিত) ১৪ হাজার ১০৪ জন। আর হামের উপসর্গ নিয়ে হাসপাতালে এসেছে ১ লাখ ১৫ হাজার ১৩৮ জন। আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা ঢাকা বিভাগে সবচেয়ে বেশি। এ বিভাগের হাম ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ৩৫৭ জন ও আক্রান্ত ৬১ হাজার ৪১ জন। এই হিসাব গত ১৫ মার্চ সকাল ৮টা থেকে আজ (১৬ জুলাই) সকাল ৮টা পর্যন্ত সময়ের।












