
দেশচিন্তা ডেস্ক: চব্বিশের জুলাই-আগস্টে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে চট্টগ্রামের প্রথম শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (১৩ জুন) বিকেল সাড়ে ৪টার দিকে কক্সবাজারের পেকুয়ার বাঘগুজারা বাজারপাড়া এলাকায় সফরসঙ্গীদের সাথে নিয়ে ওয়াসিম আকরামের কবরের পাশে তিনি মোনাজাত করেন।
পরে ওয়াসিম আকরামের মা জোসনা বেগমসহ পরিবারের সদস্যদের সাথে প্রধানমন্ত্রী কথা বলেন এবং সার্বিক খোঁজ খবর নেওয়ার পাশাপাশি ২০ লাখ টাকার পারিবারিক সঞ্চয়পত্র তুলে দেন।
সকাল ৯টা ৫৫ মিনিটে ইউএস বাংলার ফ্লাইটে কক্সবাজার পৌঁছে প্রধানমন্ত্রী দিনব্যাপী বিভিন্ন কর্মসূচিতে অংশ নিয়েছেন।
পাতলী খাল পুনঃখনন, ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি, পেকুয়া পৌরসভা ও মাতামুহুরী উপজেলার ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে চকরিয়া উপজেলা বিএনপি আয়োজিত জনসভায় প্রধানমন্ত্রী বক্তব্য রাখবেন।
মেরিন ড্রাইভ সড়কে সমুদ্র দর্শন ও সুধী সমাবেশ শেষে ইউএস বাংলার ফিরতি ফ্লাইটে রাতেই তার ঢাকা ফেরার সূচি নির্ধারিত রয়েছে।












