আজ : বৃহস্পতিবার ║ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : বৃহস্পতিবার ║ ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ║৩১শে বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২৭শে জিলকদ, ১৪৪৭ হিজরি

‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক কর্মসূচির উদ্বোধন করলেন ডা. জুবাইদা রহমান

দেশচিন্তা ডেস্ক: শারীরিক ও মানসিক প্রতিবন্ধকতা যেন সুস্থ ও স্বাভাবিক জীবনযাপনের পথে কোনোভাবেই বাধা না হয়, সে জন্য প্রতিবন্ধী ব্যক্তিদের মর্যাদা ও সব ক্ষেত্রে প্রবেশাধিকার নিশ্চিত করার ঘোষণা দিয়েছেন ডা. জোবাইদা রহমান। তিনি জানান, দেশের বাস, ট্রেন ও লঞ্চে প্রতিবন্ধীদের জন্য বিনা ভাড়ায় যাতায়াতের আইনি বিধান করা হবে।

বৃহস্পতিবার (১৪ মে) দুপুরে রাজধানীর কড়াইল বস্তিতে প্রতিবন্ধীদের স্বাস্থ্যসেবা ও পুনর্বাসন কার্যক্রমের অংশ হিসেবে ‘শিশু স্বর্গ মডেল’ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এই অনুষ্ঠানের আয়োজন করে।

জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহ-সভাপতি ও বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞ ডা. জোবাইদা রহমান বলেন, ‘বর্তমান সময়ে বিজ্ঞানের সহায়তায় সঠিক ও সময়োপযোগী সহযোগিতা নিশ্চিত করা জরুরি। নির্দিষ্ট সময়ে চিকিৎসা সহায়তা পেলে বিশেষভাবে সক্ষম শিশু-কিশোরদের সুপ্ত প্রতিভার বিকাশ সম্ভব। ‘শিশু স্বর্গ’ প্রকল্প শিশু-কিশোর ও তাদের মায়েদের জন্য একটি কার্যকর সাপোর্ট গ্রুপ হিসেবে কাজ করবে।’

তিনি আরও বলেন, আত্মবিশ্বাসই মা ও শিশু-কিশোরদের বিষণ্নতার অন্ধকার থেকে স্বাবলম্বী ভবিষ্যতের পথে এগিয়ে নিতে পারে। প্রতিবন্ধীবান্ধব জাতীয় নাগরিক সেবা গড়ে তোলার মাধ্যমে সমাজে তাদের মর্যাদা ও অধিকার নিশ্চিত করতে হবে। প্রতিটি বিশেষভাবে সক্ষম শিশু পরিবার, সমাজ ও দেশের জন্য অনুকরণীয় হয়ে উঠতে পারে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ডা. এম এ মুহিত। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন- স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পরিকল্পনা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জোনায়েদ আব্দুর রহিম সাকি, সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফারজানা শারমিন পুতুল, প্রধানমন্ত্রীর স্বাস্থ্যবিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার।

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে সহ-সভাপতি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস।

এ ছাড়া ‘শিশু স্বর্গ মডেল’ বিষয়ক এই সেমিনারে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশে ইউনিসেফের ভারপ্রাপ্ত প্রতিনিধি স্ট্যানলি গোয়াভুয়া, রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)-এর চেয়ারম্যান প্রকৌশলী মো. রিয়াজুল ইসলাম (রিজু), ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক মো. শফিকুল ইসলাম খান (মিল্টন) এবং প্রধানমন্ত্রীর সহকারী ব্যক্তিগত চিকিৎসক ডা. আ ন ম মনোয়ারুল কাদির (বিটু) প্রমুখ।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

আজকের সর্বশেষ সংবাদ