আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : শুক্রবার ║ ১৯শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ║৫ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ৪ঠা মহর্‌রম, ১৪৪৮ হিজরি

সাব-রেজিস্ট্রি অফিসে দুর্নীতি রোধে সিসি ক্যামেরা বসাতে রুল

দেশচিন্তা ডেস্ক: সারা দেশের সাব-রেজিস্ট্রি অফিসগুলোতে দুর্নীতি ও অনিয়ম রোধে কেন্দ্রীয়ভাবে নিয়ন্ত্রিত সিসিটিভি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনের বিষয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ মে) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি আব্দুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে দায়ের করা এক রিট আবেদনের প্রাথমিক শুনানি নিয়ে এ রুল জারি করেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব এবং নিবন্ধন অধিদপ্তরের মহাপরিদর্শককে (আইজিআর) রুলের জবাব দিতে বলা হয়েছে।

রুলে নিবন্ধন অধিদপ্তরের আওতাধীন দেশের সব সাব-রেজিস্ট্রার অফিসে হাই-ডেফিনিশন (এইচডি) সিসি ক্যামেরা ও পাবলিক ডিসপ্লে মনিটর স্থাপনে অবিলম্বে পদক্ষেপ না নেওয়া কেন বেআইনি ও আইনগতভাবে অকার্যকর ঘোষণা করা হবে না, তা জানতে চাওয়া হয়েছে। এর পাশাপাশি সেবার ডিজিটালাইজেশন তদারকিতে একটি বিশেষ কমিটি গঠন এবং সাব-রেজিস্ট্রার অফিসগুলোতে চব্বিশ ঘণ্টা কঠোর মনিটরিং নিশ্চিত করার নির্দেশনা চাওয়া হয়েছে রিটে।

সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আল মামুন সরোয়ার জনস্বার্থে এই রিটটি দায়ের করেন।

গত ২৬ এপ্রিল তিনি বিবাদীদের প্রতি আইনি নোটিশ পাঠিয়েছিলেন। নির্ধারিত ৭ দিনের মধ্যে জবাব না পেয়ে তিনি হাই কোর্টের দ্বারস্থ হন।

সাভারের সাব-রেজিস্ট্রার মো. জাকির হোসাইনের ব্যক্তিগত উদ্যোগে অফিসে সিসি ক্যামেরা স্থাপনের খবরে অনুপ্রাণিত হয়ে এই আইনি পদক্ষেপ নিয়েছেন বলে জানান রিটকারী।

এ বিষয়ে আল মামুন সরোয়ার সাংবাদিকদের বলেন, সাভারের সাব-রেজিস্ট্রার জাকির সাহেবকে আমরা এ ক্ষেত্রে একটি রোল মডেল হিসেবে পেয়েছি। তিনি নিজ উদ্যোগে সিসিটিভি ক্যামেরা ইনস্টল করে মনিটরগুলো বাইরে জনগণের দেখার জন্য দিয়েছেন। আমি নিজে সেখানে গিয়ে বিষয়টি দেখেছি।

সাভারের উদাহরণ টেনে তিনি বলেন, সেটি দেখার পর আমার মনে হয়েছে, সারা বাংলাদেশে যদি এটি করা যায়, তাহলে সাধারণ মানুষের কাছে জবাবদিহিতার একটি পরিষ্কার জায়গা তৈরি হবে।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
1234567
891011121314
15161718192021
22232425262728
2930  

আজকের সর্বশেষ সংবাদ