
দেশচিন্তা ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সরাসরি প্রতিদ্বন্দ্বিতায় মনোনয়ন না পেলেও থেমে থাকছেন না বিনোদন জগতের কয়েকজন পরিচিত মুখ। এবার তারা নজর দিয়েছেন সংরক্ষিত নারী আসনের দিকে।
শনিবার (১১ এপ্রিল ২০২৬) বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সংগীতশিল্পী কনকচাঁপা, বেবী নাজনীন, রিজিয়া পারভীন এবং নৃত্যশিল্পী ফারহানা চৌধুরী বেবী।
মনোনয়ন ফরম সংগ্রহের পর কনকচাঁপা বলেন, ‘মহান সংসদে দাঁড়িয়ে জনগণের কথা বলতে চাই। জনগণের দুঃখের কথা বলতে চাই।’ এর আগে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সিরাজগঞ্জ-১ আসনে দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন তিনি। তবে শেষ পর্যন্ত ওই আসনে দলীয় মনোনয়ন পান সেলিম রেজা।
অন্যদিকে বেবী নাজনীন নীলফামারী-৪ (সৈয়দপুর ও কিশোরগঞ্জ) আসনের জন্য মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। এদিকে রিজিয়া পারভীন ফরম জমা দেওয়ার পর বলেন, ‘দল ত্যাগীদের মূল্যায়ন করবে। ত্যাগীদের পাশাপাশি মেধাবী ও যোগ্যতা সবকিছু মিলায়ে আমি আশাবাদী।’
এছাড়া মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন সাবেক সংসদ সদস্য ও সাবেক স্বাস্থ্য প্রতিমন্ত্রী আমান উল্লাহ চৌধুরীর মেয়ে ফারহানা চৌধুরী বেবী। তিনি বর্তমানে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।













