আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

আজ : সোমবার ║ ৬ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ║২২শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ║ ২১শে মহর্‌রম, ১৪৪৮ হিজরি

কোরবানির ঈদ: ত্যাগ, মানবতা ও সমাজের বন্ধন

মুহাম্মদ শামসুল ইসলাম সাদিক
বছর ঘুরে আবার আমাদের সামনে এসেছে পবিত্র ঈদুল আযহা। মুসলিম উম্মাহর অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব এই ঈদ শুধু আনন্দের নয়, বরং ত্যাগ, আত্মশুদ্ধি ও মানবিকতার এক অনন্য শিক্ষা বহন করে। কোরবানির ঈদ আমাদের মনে করিয়ে দেয় মানুষের জীবনে শুধু ভোগ নয়, ত্যাগও গুরুত্বপূর্ণ। ব্যক্তিগত স্বার্থের ঊর্ধ্বে উঠে মহান আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের প্রিয় জিনিস উৎসর্গ করার মধ্যেই নিহিত রয়েছে প্রকৃত ঈমানের পরিচয়।

ঈদুল আযহার মূল ইতিহাস জড়িয়ে আছে হযরত ইব্রাহিম (আ.) ও তাঁর প্রিয় পুত্র হযরত ইসমাইল (আ.)-এর অসীম ত্যাগের ঘটনার সঙ্গে। আল্লাহর নির্দেশ পালনের জন্য ইব্রাহিম (আ.) যখন নিজের সবচেয়ে প্রিয় সন্তানকে কোরবানি করতে প্রস্তুত হয়েছিলেন, তখনই আল্লাহ তাঁর এই আনুগত্যকে কবুল করেন এবং পরিবর্তে একটি পশু কোরবানি করার নির্দেশ দেন। সেই স্মৃতিকে ধারণ করেই মুসলমানরা প্রতি বছর কোরবানি আদায় করে থাকেন।

কোরবানির প্রকৃত তাৎপর্য কেবল পশু জবাইয়ের মধ্যে সীমাবদ্ধ নয়। এর ভেতরে লুকিয়ে আছে আত্মসংযম, ধৈর্য, সহমর্মিতা এবং মানবকল্যাণের শিক্ষা। সমাজে যারা আর্থিকভাবে অসচ্ছল, কোরবানির মাংস বণ্টনের মাধ্যমে তারাও ঈদের আনন্দে শামিল হওয়ার সুযোগ পায়। ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাই একসঙ্গে আনন্দ ভাগাভাগি করে নেওয়ার মধ্যেই ঈদুল আযহার সৌন্দর্য প্রকাশ পায়।

বর্তমান সময়ে আমরা লক্ষ্য করি, অনেক ক্ষেত্রে কোরবানির মূল শিক্ষা আড়ালে পড়ে যাচ্ছে। কোথাও কোথাও এটি প্রতিযোগিতা বা সামাজিক মর্যাদা প্রদর্শনের মাধ্যম হয়ে দাঁড়াচ্ছে। কে কত বড় গরু কিনল, কত দামে পশু ক্রয় করল এসব বিষয়কে কেন্দ্র করে এক ধরনের অহেতুক প্রদর্শনীর প্রবণতা দেখা যায়। অথচ ইসলাম কখনো অপচয় বা লোক দেখানোকে সমর্থন করে না। কোরবানির আসল উদ্দেশ্য হচ্ছে তাকওয়া বা আল্লাহভীতি অর্জন। পবিত্র কোরআনে ইরশাদ হচ্ছে- ুআল্লাহর কাছে পৌঁছায় না তাদের গোশত ও রক্ত, বরং পৌঁছায় তোমাদের তাকওয়া।”

ঈদুল আযহা আমাদের সামাজিক দায়িত্ববোধের কথাও স্মরণ করিয়ে দেয়। সমাজে এখনো অনেক মানুষ রয়েছে যারা দারিদ্র্য, বেকারত্ব কিংবা নানা সংকটে মানবেতর জীবনযাপন করছে। কোরবানির শিক্ষা যদি আমরা সত্যিকার অর্থে হৃদয়ে ধারণ করতে পারি, তাহলে শুধু ঈদের দিন নয়, সারা বছরই মানুষের পাশে দাঁড়ানোর মানসিকতা তৈরি হবে। একজন ক্ষুধার্ত মানুষের মুখে হাসি ফোটানো, অসহায় মানুষের কষ্ট লাঘব করা কিংবা সমাজে ন্যায় ও সাম্যের পরিবেশ গড়ে তোলাও এক ধরনের মানবিক কোরবানি।

একসময় গ্রামের বাড়িতে ঈদের আনন্দ ছিল অনেক বেশি প্রাণবন্ত। পরিবারের সবাই একত্রিত হতো, শিশুদের উচ্ছ্বাসে মুখর থাকত চারপাশ। এখন নগরজীবনের ব্যস্ততায় অনেক সম্পর্কই যেন দূরত্বে হারিয়ে যাচ্ছে। তবু ঈদ এখনো মানুষকে কাছে টানার এক অনন্য উপলক্ষ। আত্মীয়-স্বজনের সঙ্গে দেখা করা, অভিমান ভুলে সম্পর্ক পুনর্গঠন করা কিংবা প্রতিবেশীর খোঁজ নেওয়ার মধ্যেও ঈদের প্রকৃত আনন্দ নিহিত।

পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়টিও আজ গুরুত্বের সঙ্গে ভাবতে হবে। কোরবানির পশুর বর্জ্য যথাযথভাবে অপসারণ না করলে পরিবেশ দূষণ ও রোগব্যাধির ঝুঁকি বাড়ে। তাই ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি সামাজিক দায়িত্ববোধও জরুরি। পরিষ্কার-পরিচ্ছন্নতা ঈমানের অংশ এই শিক্ষাকে বাস্তব জীবনে প্রয়োগ করতে পারলেই ঈদের সৌন্দর্য আরও বৃদ্ধি পাবে।

ঈদুল আযহা কেবল একটি ধর্মীয় আনুষ্ঠানিকতা নয়; এটি আত্মত্যাগের চেতনায় উজ্জীবিত হওয়ার আহ্বান। এই ঈদ আমাদের শেখায় লোভ, হিংসা, অহংকার ও স্বার্থপরতাকে ত্যাগ করে মানবতার পথে এগিয়ে যেতে। ব্যক্তি, পরিবার ও সমাজের মধ্যে সৌহার্দ্য, সহমর্মিতা ও ভালোবাসার বন্ধন দৃঢ় করাই হোক এবারের ঈদের অঙ্গীকার।

ত্যাগের এই মহান শিক্ষাকে ধারণ করে যদি আমরা নিজেদের জীবনকে সুন্দর ও মানবিক করে তুলতে পারি, তাহলেই ঈদুল আযহার প্রকৃত তাৎপর্য বাস্তবায়িত হবে। সবার জীবনে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ বয়ে আনুক পবিত্র ঈদুল আযহায় এই প্রত্যাশাই রইল।

লেখক: প্রাবন্ধিক

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

Mon Tue Wed Thu Fri Sat Sun
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031  

আজকের সর্বশেষ সংবাদ