আজ : ║ ║║

‘আলোকিত সমাজ গঠনে কুরআনের শিক্ষার কোন বিকল্প নেই’

 

চট্টগ্রাম সংবাদাতা :  বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হয়েছে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতা ‘পবিত্র কুরআনের আলো’-এর ১৯তম আসর। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম জেলা পর্বের বাছাই অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৩ নভেম্বর) চট্টগ্রাম কলেজ সংলগ্ন গণি বেকারি মোল্লা মিসকিন শাহ (রহ.) মসজিদ চত্বরে এ বাছাইপর্ব অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমীর মুহাম্মদ নজরুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, পবিত্র কুরআন মানবজাতির জন্য হেদায়াতের সর্বশ্রেষ্ঠ গ্রন্থ। কুরআনের শিক্ষা ব্যক্তি, পরিবার ও সমাজজীবনে বাস্তবায়নের মাধ্যমে একটি আদর্শ ও নৈতিকতাসম্পন্ন সমাজ গড়ে তোলা সম্ভব। আলোকিত সমাজ গঠনে কুরআনের শিক্ষার কোন বিকল্প নেই। নতুন প্রজন্মকে পবিত্র কুরআনের শিক্ষা ও আদর্শে গড়ে তুলতে এ ধরনের প্রতিযোগিতা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি প্রতিযোগিতায় অংশগ্রহণকারী হাফেজদের উৎসাহিত করেন এবং কুরআনের শিক্ষা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণের আহ্বান জানান।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের খতিব হাফেজ মাওলানা মোহাম্মদ নাজির মাহমুদ, অনুষ্ঠান প্রধান মাওলানা মুহিববুল্লাহ এবং বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ মাওলানা হেলাল উদ্দিন ও হাফেজ মাওলানা মিসবাহ উদ্দিন।

চট্টগ্রাম জেলা পর্বের এ বাছাই প্রতিযোগিতায় বিপুলসংখ্যক কুরআনের হাফেজ অংশগ্রহণ করেন। প্রতিযোগীরা তাঁদের সুন্দর তিলাওয়াত ও হিফজের দক্ষতা প্রদর্শন করেন। আয়োজকরা জানান, এ প্রতিযোগিতার মাধ্যমে পবিত্র কুরআনের হিফজ, তিলাওয়াত ও চর্চায় নতুন প্রজন্মকে উৎসাহিত করার পাশাপাশি যোগ্য হাফেজদের জাতীয় পর্যায়ে অংশগ্রহণের সুযোগ তৈরি হবে।

অনুষ্ঠানে ধর্মপ্রাণ মুসল্লি, কুরআনের হাফেজ, আলেম-ওলামা এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ