আজ : ║ ║║

চট্টগ্রাম দক্ষিণে কিশোরকণ্ঠ মেধাবৃত্তির ফল প্রকাশ, থাকছে ৭ লাখ টাকার পুরস্কার

চট্টগ্রাম, ২৪ নভেম্বর ২০২৬: কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা দক্ষিণ আয়োজিত ‘কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা–২০২৬’-এর ফলাফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার বিকেল ৩টায় ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইট ও ফেসবুক পেজে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।

গত ৩০ অক্টোবর অনুষ্ঠিত এ মেধাবৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম দক্ষিণের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৪র্থ থেকে ১০ম শ্রেণির মোট ৬ হাজার ১৩২ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ৫ হাজার ৯৭৫ জন পরীক্ষায় অংশগ্রহণ করে। প্রকাশিত ফলাফলে ২ হাজার ৯৩০ জন শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। পরীক্ষায় পাসের হার ৪৯ শতাংশ। এদের মধ্যে মোট ৩৪৫ জন শিক্ষার্থী বৃত্তির জন্য নির্বাচিত হয়েছে। বৃত্তিপ্রাপ্তদের মধ্যে ট্যালেন্টপুলে ৪৫ জন, সাধারণ গ্রেডে ৮০ জন এবং বিশেষ গ্রেডে ২২০ জন রয়েছে।

শ্রেণিভিত্তিক বৃত্তির ফলাফলে ৪র্থ শ্রেণিতে ৯৯ জন, ৫ম শ্রেণিতে ৯৪ জন, ৬ষ্ঠ শ্রেণিতে ৩২ জন, ৭ম শ্রেণিতে ৩৩ জন, ৮ম শ্রেণিতে ৪৭ জন, ৯ম শ্রেণিতে ২০ জন এবং ১০ম শ্রেণিতে ২০ জন শিক্ষার্থী বৃত্তি প্রাপ্ত হয়েছে।

এবারের পরীক্ষায় বিশেষ কৃতিত্বের স্বীকৃতি হিসেবে ‘স্টুডেন্ট অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছে রূপকানিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির শিক্ষার্থী তাহমিদ কামাল চৌধূরী। পুরস্কার হিসেবে সে পাচ্ছে একটি ল্যাপটপ।

এ ছাড়া ‘টপ অব দ্য ক্লাস’ ক্যাটাগরিতে বাইসাইকেল বিজয়ীরা হলো—রূপকানিয়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির শিক্ষার্থী নাশাত আল রাফান, বেগম গুল চেমনআরা একাডেমী (স্কুল অ্যান্ড কলেজ)-এর ৮ম শ্রেণির শিক্ষার্থী সাজিদুল ইসলাম এবং কলাউজান সুখছড়ী গৌরসুন্দর উচ্চ বিদ্যাপীঠের ১০ম শ্রেণির শিক্ষার্থী মোহাম্মদ হোসাইন তানজিম।

একই ক্যাটাগরিতে ট্যাব বিজয়ীরা হলো—বায়তুল ইজ্জত বর্ডার গার্ড পাবলিক স্কুলের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী তাবাচ্ছুম বিনতে দিদার, চুনতি উচ্চ বিদ্যালয়ের ৭ম শ্রেণির শিক্ষার্থী ফাতিমা নুর এবং একই বিদ্যালয়ের ৯ম শ্রেণির শিক্ষার্থী সিদরাতুল মুনতাহা।

উল্লেখ্য, এবারের আয়োজনে শিক্ষার্থীদের মেধা বিকাশে উৎসাহিত করতে প্রায় ৭ লাখ টাকার বৃত্তি ও পুরস্কারের ব্যবস্থা রাখা হয়েছে। বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের পুরস্কার ও সনদ বিতরণ অনুষ্ঠান আগামী ১৯ ডিসেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত হবে।

ফলাফল প্রকাশ উপলক্ষে কিশোরকণ্ঠ ফাউন্ডেশন, চট্টগ্রাম জেলা দক্ষিণের পরিচালক ডি.এম. আসহাব উদ্দিন বলেন, “যারা বৃত্তি অর্জন করেছে, তাদের সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাই। তোমাদের এ অর্জন ভবিষ্যতে আরও ভালো করার অনুপ্রেরণা হয়ে থাকুক। যারা পরীক্ষায় উত্তীর্ণ হয়েছ, কিন্তু বৃত্তি অর্জন করতে পারোনি, তাদের বলব—এ অর্জনেই সন্তুষ্ট না থেকে আগামীতে সেরাদের সেরা হওয়ার লক্ষ্যে প্রচেষ্টা অব্যাহত রাখো। আর যারা উত্তীর্ণ হতে পারোনি, তাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই। নিজেদের ভুল ও দুর্বলতা চিহ্নিত করে আরও মনোযোগ দিয়ে পড়াশোনা করো। নিয়মিত অধ্যবসায় ও প্রচেষ্টার মাধ্যমে নিশ্চয়ই ভালো ফলাফল অর্জন করা সম্ভব।”

তিনি অভিভাবক ও শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে বলেন, “শিক্ষার্থীদের মেধা ও সম্ভাবনা বিকাশে অভিভাবক ও শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আসন্ন বার্ষিক পরীক্ষায় শিক্ষার্থীরা যেন ভালো ফলাফল করতে পারে, সে জন্য তাদের যথাযথ দিকনির্দেশনা, পরিচর্যা ও পড়াশোনার উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে।”

তিনি আরও বলেন, “কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা আয়োজনের মূল উদ্দেশ্য শুধু বৃত্তি প্রদান নয়; বরং শিক্ষার্থীদের মেধা অন্বেষণ, পড়াশোনায় উৎসাহিত করা এবং তাদের সুপ্ত প্রতিভার বিকাশে ভূমিকা রাখা। এ আয়োজন সফল করতে যেসব শিক্ষাপ্রতিষ্ঠান, শিক্ষক, অভিভাবক, স্বেচ্ছাসেবক ও শুভাকাঙ্ক্ষী সহযোগিতা করেছেন, সবার প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। ভবিষ্যতেও শিক্ষার্থীদের কল্যাণে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে, ইনশাআল্লাহ।”

পরীক্ষার ফলাফল দেখা যাবে ফাউন্ডেশনের অফিসিয়াল ওয়েবসাইটে:
ফলাফল লিংক: https://kishorkanthafoundation.com/chittagongsouth/result

Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on linkedin
LinkedIn
Share on whatsapp
WhatsApp
Share on email
Email
Share on print
Print

পূর্বের নিউজ দেখুন

আজকের সর্বশেষ সংবাদ