বিশ্বকাপ শুরুর আগমুহূর্তে স্বস্তির খবর আর্জেন্টিনার শিবিরে। দলের প্রথম পছন্দের গোলরক্ষক এমিলিয়ানো ‘দিবু’ মার্টিনেজ চোট কাটিয়ে পুরোপুরি অনুশীলনে ফিরেছেন। আলজেরিয়ার বিপক্ষে নিজেদের প্রথম ম্যাচে তার মাঠে থাকার সম্ভাবনাই বেশি।
৩৩ বছর বয়সী এই গোলরক্ষক বৃহস্পতিবার (১১ জুন) প্রথমবারের মতো দুই হাতে গ্লাভস পরে দলের সঙ্গে পূর্ণ অনুশীলন করেন। এর আগে ডান হাতের অনামিকায় চিড় ধরা হাড়ের কারণে তিনি স্প্লিন্ট ব্যবহার করছিলেন এবং অনুশীলন করছিলেন একটি গ্লাভস পরে।
গত ২০ মে ইউরোপা লিগের ফাইনালে ফ্রাইবুর্গের বিপক্ষে অ্যাস্টন ভিলার ম্যাচ শুরুর আগের ওয়ার্ম-আপে আঙুলে চোট পান মার্টিনেজ। সেই চোটের কারণে তিনি আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচে হন্ডুরাস ও আইসল্যান্ডের বিপক্ষে খেলতে পারেননি। তবে পুনর্বাসন প্রক্রিয়া সফলভাবে শেষ করে এখন তিনি পুরোপুরি ফিট।আগামী ১৭ জুন কানসাস সিটিতে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ২০২৬ ফিফা বিশ্বকাপ অভিযান শুরু করবে আর্জেন্টিনা। সবকিছু ঠিক থাকলে সেই ম্যাচেই গোলপোস্টের নিচে দেখা যাবে মার্টিনেজকে।
ক্লাব ফুটবলেও দারুণ একটি মৌসুম কাটিয়েছেন এই অভিজ্ঞ গোলরক্ষক। তার অসাধারণ নৈপুণ্যে ইংলিশ প্রিমিয়ার লিগে চতুর্থ স্থান অর্জন করেছে অ্যাস্টন ভিলা। পাশাপাশি তিনি জায়গা করে নিয়েছেন ইউরোপা লিগের ‘টিম অব দ্য সিজন’-এও।আর্জেন্টিনার ২০২২ বিশ্বকাপ জয়ের অন্যতম নায়ক ছিলেন মার্টিনেজ। পুরো টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতেছিলেন সেরা গোলরক্ষকের ‘গোল্ডেন গ্লাভ’ পুরস্কার। এরপর ২০২৪ কোপা আমেরিকাতেও আর্জেন্টিনার শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।
এদিকে বিশ্বকাপ শুরুর আগে দলে পরিবর্তন আনতে হয়েছে আর্জেন্টিনাকে। কাফের চোটের কারণে ছিটকে গেছেন ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। তার পরিবর্তে ২৬ সদস্যের দলে অন্তর্ভুক্ত করা হয়েছে মার্কোস সেনেসিকে। ২৯ বছর বয়সী সেনেসি গত চার মৌসুম ইংলিশ ক্লাব বোর্নমাউথে খেলেছেন এবং নতুন মৌসুমে টটেনহ্যাম হটস্পারে যোগ দেয়ার কথা রয়েছে। জাতীয় দলের হয়ে এখন পর্যন্ত তিনটি ম্যাচ খেলেছেন তিনি।
সম্প্রতি শেষ হওয়া মৌসুমে বোর্নমাউথের হয়ে দারুণ পারফরম্যান্স করেছেন সেনেসি। তার অবদানে প্রিমিয়ার লিগে ষষ্ঠ স্থান অর্জন করে ইতিহাসে প্রথমবারের মতো উয়েফা ইউরোপা লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি।
আলজেরিয়ার বিপক্ষে উদ্বোধনী ম্যাচের পর ‘জে’ গ্রুপে আর্জেন্টিনার বাকি দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান। শিরোপাধারী দলটি আত্মবিশ্বাস নিয়েই বিশ্বকাপ মিশনে নামছে, আর মার্টিনেজের ফেরা সেই আত্মবিশ্বাসকে আরও বাড়িয়ে দিয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মুহাম্মদ ইমরান সোহেল। মোবাইল : ০১৮১৫-৫৬৩৭৯৪ । কার্যালয়: ৪০ কদম মোবারক মার্কেট, মোমিন রোড, চট্টগ্রাম। ইমেল: [email protected]
Copyright © 2026 Desh Chinta. All rights reserved.